রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় দেড় যুগ পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা, গুলশানসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্র জানায়, পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বিমানবন্দরে নিয়মিত আনসার গার্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও প্যাট্রল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ জোরদার করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের ভিআইপি গেটসংলগ্ন ৮ নম্বর গেট থেকে বের হওয়ার পুরো পথজুড়ে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা থাকলেও টার্মিনাল–১ ও টার্মিনাল–২ এলাকায় নিরাপত্তা তুলনামূলক শিথিল ছিল। ভিআইপি গেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে টার্মিনাল–১ ও টার্মিনাল–২ দিয়ে সাধারণ যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারেক রহমানের গাড়িবহর ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তাকে বহন করার জন্য ইতোমধ্যেই একটি বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছে।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

শিডিউল অনুযায়ী, তারেক রহমানের ফ্লাইট প্রথমে সিলেটে অবতরণ করবে সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর