রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশ এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, জননিরাপত্তা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীতে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা সাধারণ মানুষের জন্য টোলমুক্ত থাকবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই প্রথমে তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান।
ফিরে তিনি প্রথমে এভারকেয়ার হাসপাতালে মায়ের খোঁজ নেবেন। এরপর শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও সাভার জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কর্মসূচি রয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম সম্পন্ন করার পর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।









