গাজীপুরের টঙ্গীতে কনসেপ্ট পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। তাদের অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কারখানার আশপাশের এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নিয়মিত কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন। অনেকেই কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি অবনতি হলে শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন, এ সময় দৌড়াদৌড়িতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।
অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও চরম দুর্বলতায় ভুগছেন।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানার ভেতরে কোনো গ্যাস লিকেজ, দূষিত বাতাস বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট দেখা দেওয়া অস্বাভাবিক নয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিকরা কেন অসুস্থ হলেন এবং এর পেছনে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণ আছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এদিকে কারখানা কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দাবি করেছে। তবে বিস্তারিত জানতে চাইলে তারা কোনো স্পষ্ট তথ্য দিতে রাজি হননি। একই সঙ্গে বারবার চেষ্টা করেও গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।









