সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়

ষ্টাফ রিপোর্টার

দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ নিয়ে আসে।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব্বে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীদের আবেই ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালানো হলে সেখানে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি সেনাসদস্য শহীদ হন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হন।

নিহতরা হলেন— নাটোরের করপোরাল মো. মাসুদ রানা,  কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আহতরা হলেন — কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার, নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘ইউএনআইএসএফএ’-এ বাংলাদেশের একটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর