ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছেন।
মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সরেজমিনে দেখা গেছে, সমবেত জনতা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এলাকায় সাধারণ মানুষের ভিড় ক্রমশ বাড়ছে।
জানাজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরা এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং র্যাব ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
তিনি আরও জানান, জানাজা শেষে ওসমান হাদির দাফন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সম্পন্ন করা হবে।









