ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও আন্দোলন অব্যাহত রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে এবং পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ছাত্র-জনতা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন।
আন্দোলনে যোগ দিতে শান্তিনগর থেকে আসেন শরিফুল হাসান। তিনি বলেন, “মাত্র এক মাস আগেও এই শাহবাগেই হাদী ভাইয়ের ডাকে আন্দোলন করেছি। আজ তাকে হারিয়ে তার মৃত্যুর বিচার দাবি করতে হচ্ছে—তার চেয়ে বেদনাদায়ক কিছু হতে পারে না।”
আন্দোলনকারীরা ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আজাদী-আজাদী’, ‘ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালাল সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো’সহ নানা স্লোগান দেন।
শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।









