গুমের ঘটনায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির্দেশ

ষ্টাফ রিপোর্টার

জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হলে আজকের দিন (১৮ ডিসেম্বর) আদেশের জন্য নির্ধারণ করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও ব্যারিস্টার শাইখ মাহদী। আসামি পক্ষের পক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু, মাহিন এম রহমান, মাসুদ সালাউদ্দিন ও মো. আমির হোসেন।

মামলায় ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৩ সালের ৬ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মোট ৫টি অভিযোগে আসামিদের বিচার শুরু হচ্ছে।

আসামিদের মধ্যে রয়েছেন— মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।

তাদের মধ্যে সর্বশেষ তিনজন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর