মালয়েশিয়ায় সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন জোহরবারু ও নেগারি সেম্বিলান রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
আটকদের মধ্যে রয়েছেন— মিয়ানমারের ২৯৯ জন, বাংলাদেশের ৭২ জন, ভারতের ২২ জন, ইন্দোনেশিয়ার তিনজন, নেপালের দুজন এবং পাকিস্তান ও ফিলিপাইনের একজন করে নাগরিক। বাকি ব্যক্তিরা অন্যান্য দেশের নাগরিক।
জোহর বাহরু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গত মঙ্গলবার জোহরবারুর একটি কম্পিউটার কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে শ্রমিক নিয়োগের অভিযোগে কারখানার মানবসম্পদ বিভাগের দুই কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করেন। পরে যৌথ আইন-শৃঙ্খলা বাহিনী কারখানার প্রবেশ ও প্রস্থান পথ ঘিরে ফেলে পালানোর সব চেষ্টা ভণ্ডুল করে দেয়।
এদিকে নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পৃথক অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়েছে, যাদের সবাই বাংলাদেশি নাগরিক।
সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অভিযানে মোট ১১৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বৈধ কাগজপত্র না থাকায় আটক হন।
আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী মামলা তদন্ত চলছে।









