ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগে ব্লকেড কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো হামলার মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি সরকার। এ ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা সংঘটিত হয়েছে, যার লক্ষ্য ছিল জনবিপ্লবকে নস্যাৎ করা।
এদিকে, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, মানবপাচার চক্রের দুই সহযোগী, পাশাপাশি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও দুইজন।
সবশেষ রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে ফয়সালের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন হাদির এক আত্মীয়। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।









