তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমরা দলের পক্ষ থেকে তার এই আগমনকে স্বাগত জানাই এবং আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে এ খবর জানাতে চাই।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা আশা করি, তারেক রহমান দেশে ফিরলে সেসব বাধা দূর হবে।”

২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বেশ কয়েকটি মামলার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপরই তার দেশে ফেরার আলোচনা জোরদার হয়।

বিএনপি নেতারা সাম্প্রতিক মাসগুলোতে তারেক রহমানের শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ জানানো হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর