হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের

ষ্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা দুই যুবক আগে থেকেই হাদির জনসংযোগ দলে মাস্ক পরা অবস্থায় উপস্থিত ছিলেন—এমন দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পুলিশের সরবরাহ করা সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের শেয়ার করা দুটি ছবি বিশ্লেষণ করে তারা এই তথ্য নিশ্চিত হয়েছে। পোস্টে দুটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে হামলাকারীদের পোশাকের সঙ্গে জনসংযোগে থাকা দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া যায় বলে দাবি করা হয়।

তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী, গুলি ছোড়া দুই মোটরসাইকেল আরোহীর একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট। অন্যজন পরেছিলেন কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা ও পায়ে ছিল বাদামি রঙের জুতা। জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাকও একই রকম ছিল বলে প্রতিষ্ঠানটির পোস্টে উল্লেখ করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটি জানায়, হামলাকারীদের চিহ্নিত করতে জনসংযোগ কার্যক্রমের আরও ছবি ও ভিডিও সংগ্রহ করা হচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিকেলে হাদির সর্বশেষ অবস্থা জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলিটি তার মাথার ভেতরে রয়ে গেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর