ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিকে সামনে রেখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে সমবেত হন। তাদের উপস্থিতিতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের তিন দফা প্রধান দাবি হলো— এনইআইআর ব্যবস্থার সংস্কার, মোবাইল ফোনের বাজারে সিন্ডিকেট চর্চা বন্ধ করা এবং বৈধ উপায়ে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।
কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, “আমরা বহুবার আলোচনার উদ্যোগ নিয়েছি, কিন্তু একবারও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসেনি। আলোচনার সুযোগ পেলে সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণায় বাধ্য হয়েছেন।”
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর চালু হলে লাখ লাখ ছোট-বড় মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি, নতুন নিয়ম বাস্তবায়িত হলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি শুল্কের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দামও বাড়বে।
সরকার ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে। এ ছাড়া বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের আনা মোবাইল ফোনে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এনইআইআর চালুর মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে এবং অবৈধভাবে আমদানি করা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।









