খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

ষ্টাফ রিপোর্টার

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচি একদিন পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’

তিনি আরও জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।’

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও এতে অংশ নেন। বৈঠক শেষে অধ্যাপক জাহিদ জানান, চিকিৎসার স্বার্থেই তাকে লন্ডনে নেওয়ার সুপারিশ করেছে বোর্ড।

বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল বৃহস্পতিবার মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং আজ ভোরে লন্ডনে রওনা হবে। তবে কারিগরি কারণে যাত্রা পিছিয়েছে।

লন্ডনে নেওয়ার প্রস্তুতি

জানা গেছে, বেগম জিয়াকে লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হবে। যুক্তরাজ্যের শীর্ষ বেসরকারি হাসপাতালগুলোর একটি এটি, যেখানে কার্ডিয়াক, অর্থোপেডিক, ক্যানসার ও স্নায়ুরোগসহ উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে।

দুই সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে; বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খোঁজখবর রাখছেন।

মেডিকেল বোর্ড সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণের ভিত্তিতে দ্রুত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার পরিকল্পনা থাকলেও নতুন সময়সূচি কাতারি বিমানের আগমনের ওপর নির্ভর করছে। বিমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকবেন, যাতে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু ভাবছি না। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা তাকে সশরীরে দেখেছেন এবং ভার্চুয়াল বৈঠকেও মত দিয়েছেন।’

লন্ডন যাত্রায় থাকবেন ১৪ জন

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ জন। তাদের মধ্যে রয়েছেন—

  • পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান,
  • চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন,
  • উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী,
  • ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি,
  • ডা. শাহাবুদ্দিন তালুকদার,
  • ডা. নূরউদ্দিন আহমদ,
  • ডা. মো. জাফর ইকবাল,
  • ডা. মোহাম্মদ আল মামুন,
  • এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ,
  • ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক,
  • সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান,
  • গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর