দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ মডেলের ‘হার্ড জিপ’ দেশে পৌঁছেছে। ইতোমধ্যে গাড়িটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধিত হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ অনুমোদন দেয়। নিবন্ধনে মালিকানার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়— ২৮/১ নয়াপল্টন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো–ঘ ১৬-৬৫২৮। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাদা রঙের সাত আসনের এসইউভিটি ২০২৪ সালে জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ থেকে গাড়িটি আমদানি করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের প্রতিষ্ঠান এশিয়ান ইমপোর্টস লিমিটেড।

গত ১ নভেম্বর চট্টগ্রামের ‘মা এসোসিয়েটস’-এর মাধ্যমে গাড়িটি দেশে আসে।

আমদানির বিল অব এন্ট্রি অনুসারে, ২,৮০০ সিসি ধারণক্ষমতার এই জিপটির ক্রয়মূল্য দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা দরে এর ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ অ্যাসেসমেন্ট ভ্যালু ধরে ৪১ হাজার ডলার।

গাড়িটি খালাস করতে শুল্ক, ভ্যাট ও কর বাবদ মোট দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) ঢাকা মেট্রো–১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন, যার মেয়াদ থাকবে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত। তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য— যা শেষ হবে আগামী ১ ডিসেম্বর।

বিল অব এন্ট্রি অনুযায়ী, গাড়িটির সাধারণ ওজন ২,৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি।

এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুম কর্মীরা গাড়িটি কার ব্যবহারের জন্য আনা হয়েছে— সে বিষয়ে মন্তব্য করতে না চাইলেও দলীয় সূত্রে জানা যায়, এটি তারেক রহমানের ব্যবহারের জন্যই আনা হয়েছে।

এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়— একটি গত জুনে, আরেকটি অক্টোবরে। তবে সদ্য নিবন্ধিত এই নতুন প্রাডোটি বুলেটপ্রুফ কি না, তা এখনও দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর