রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “দুর্বৃত্তরা দ্রুতগতিতে এসে বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশন কাছেই থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে আটটি ককটেল বিস্ফোরণচারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও এসব ঘটনায় কেউ হতাহত হননি, তবে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে রাজধানীতে ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বিশেষ কোনো দিন বা কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব অপতৎপরতা ঘটানো হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “এগুলো আপাতত বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। এর আগেও রাজধানীতে এমন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর