গণমিছিলে পুলিশের বাধা, যমুনায় যাচ্ছে ৮ দলের প্রতিনিধিদল

ষ্টাফ রিপোর্টার

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত জামায়াতসহ আট সমমনা ইসলামী দলের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় মৎস্য ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে পদযাত্রাটি। পরে জামায়াতসহ আট দলের একটি প্রতিনিধিদল পাঁচ দফা দাবিনামা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশে রওনা হয়।

এর আগে সকালে শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা শুরু করে তারা পল্টনের দিকে এগিয়ে যান এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
“প্রয়োজনে আবার জীবন দেবো, কিন্তু জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেবো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।”

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পল্টন থেকে যমুনার পথে যাত্রা শুরু করে আট দলের প্রতিনিধিদল।

জামায়াতসহ আট ইসলামী দলের পাঁচ দফা দাবি হলো—

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং আগামী নভেম্বরের মধ্যেই উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন।
২. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর