কুমিল্লায় ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ বেডশিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, তিনি ও পরিবারের অন্য সদস্যরা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। বিকেলে প্রতিবেশীরা ফোনে জানায়, তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে খাটের নিচে বেডশিটে মোড়ানো অবস্থায় মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান তারা।

তিনি আরও বলেন, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থসংক্রান্ত বিরোধ ছিল। তাই সুযোগ বুঝে মাকে একা পেয়ে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে সন্দেহ করছেন।

ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *