মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন নির্মাণ ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি জানান, বর্তমান সরকার একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করে বলেন, এটি প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে প্রশিক্ষিত ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে কাজ করে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই অগ্রযাত্রা বজায় থাকবে।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে তারা জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সেবায় নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *