তুরস্কের ঐতিহাসিক শহর আনতালিয়ায় অনুষ্ঠিতব্য ‘পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে’ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সে সময়ও তিনি হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের কূটনৈতিক প্রচারণাও চালানো হবে।








