হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে মারা গেছে আরও ২ জন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ৪৩২ জন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং এ সময়ে ৭ হাজার ১৫০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৩ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *