সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

ষ্টাফ রিপোর্টার

কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগে আসা এই প্রবীণ রাজনীতিক কয়েক দিন ধরে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন এবং পরের বছর আগস্টে অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।

দলীয় রাজনীতিতে তিনি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তার ছেলে সাবেদুর রহমান সুমু জানান, বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে কোনো জানাজা হবে না। ঢাকায়ও একটি জানাজার আয়োজনের পরিকল্পনা রয়েছে, তবে সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার বাবা মরহুম এস রহমান ছিলেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য। ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত সক্রিয়; ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং ছয় দফা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে মীরসরাই থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলাযুদ্ধ পরিচালনা করেন এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

দীর্ঘ রাজনৈতিক ও দেশসেবার পথচলার সমাপ্তি টেনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *