শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি ছুটির তালিকা ও ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাধারণ স্কুল–কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় টানা ২১ দিন ছুটি থাকবে। চলতি মে মাসের ২১ তারিখ সর্বশেষ কর্মদিবস শেষে শিক্ষার্থীরা কার্যত দীর্ঘ ছুটির আমেজে প্রবেশ করবে।

আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীরা ২১ মে ক্লাস শেষে ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। অর্থাৎ ২২ মে থেকেই তারা কার্যত অবকাশে প্রবেশ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা যায়, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠান ৭ জুন খুলবে। সব মিলিয়ে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবে।

অন্যদিকে মাদ্রাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ছুটি কিছুটা দীর্ঘ। ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু হবে ১৪ জুন। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের বড় ছুটি পাচ্ছে, সাপ্তাহিক ছুটি ধরলে যা প্রায় ২৩ দিনের অবকাশ।

জুন মাসে স্কুল ও মাদ্রাসা খোলার পর সামনে রয়েছে আরও কয়েকটি ছুটি। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমায় একদিন ছুটি থাকবে। এরপর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি রয়েছে।

মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা ও গ্রীষ্মের প্রকট তাপমাত্রা বিবেচনায় শিক্ষার্থীদের বিশ্রাম ও পারিবারিক সময় নিশ্চিত করতে শিক্ষা পঞ্জিতে প্রতি বছরই এমন দীর্ঘ ছুটি রাখা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *