ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে শতাধিক মানুষ অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন তারা।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ভ্যানচালক মঞ্জু বেপারীকে নির্মমভাবে হত্যার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও খুনিদের শনাক্ত বা গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির জানান, দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি স্থগিত রাখা হয়েছে, তবে অগ্রগতি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

গত ১০ জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে কাসেমাবাদ এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মৃত ইয়াসিন খানের বাড়ির সামনের নির্জন রাস্তায় মঞ্জুকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *