ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ষ্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। আগামী সোমবার ২৫ মে থেকে রোববার ৩১ মে পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার ২৩ মে ও রোববার ২৪ মে তফসিলি ব্যাংকের সব শাখা ও উপ-শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদ উপলক্ষে বন্ধ থাকবে।

ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প-সংলগ্ন এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখায় অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকাসহ আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সীমিত আকারে চালু রাখতে হবে। একই সঙ্গে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *