ফিলিপাইনের মায়ন আগ্নেয়গিরিতে আবারও তীব্র অস্থিরতার লক্ষণ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন আগ্নেয় ভূমিকম্প ও কম্পন রেকর্ড করা হয়েছে বলে দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। শনিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের (ফিভলক্স) বরাতে জানানো হয়, মায়নে ৫১টি আগ্নেয় ভূমিকম্প, ৩০টি আগ্নেয় কম্পন, শত শত শিলা ধস এবং ছয়টি পাইরোক্লাস্টিক প্রবাহ শনাক্ত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, আগ্নেয়গিরির গহ্বর থেকে অব্যাহতভাবে লাভা বের হচ্ছে এবং এই লাভার প্রবাহ বাসুদ, বংগা ও মি-ইসি এলাকার দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে লাভার ফোয়ারাও দেখা গেছে। শুক্রবার মায়ন থেকে ১ হাজার ৪৮২ টন সালফার ডাই-অক্সাইড নির্গত হয়, যা আগের দিনের তুলনায় বেশি। ধোঁয়ার ঘন স্তম্ভ দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার এলাকা বিপৎসীমার মধ্যে ধরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ওই এলাকার আকাশপথেও বিমান চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে। ফিভলক্স আশপাশের জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, লাভা প্রবাহ, শিলা ধস, পাইরোক্লাস্টিক প্রবাহ, মাঝারি মাত্রার বিস্ফোরণ এবং ভারী বৃষ্টিতে সৃষ্ট কাদাপ্রবাহ যে কোনো সময় ঝুঁকি তৈরি করতে পারে।









