মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা, যেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত ২০২৬ সালের এ তালিকায় তারেক রহমানের রাজনৈতিক উত্থানকে এক নাটকীয় পরিবর্তন হিসেবে তুলে ধরা হয়েছে।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের ধারায় তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্বে উঠে আসেন। ৫৭ বছর বয়সী এই রাজনীতিক বহু বছর বিরোধী দলের নেতৃত্বে থাকার পর ধীরে ধীরে ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন এবং দেশে ফেরার ১৭ বছর পর গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশে ফেরার সময় তার মা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। সেই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের অঙ্গীকার করে তিনি রাজনৈতিক সংকট সামাল দেন। তারেক রহমানকে নিয়ে ম্যাগাজিনটির মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।









