ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় নির্বাচন।
নতুন সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিগগিরই তা গেজেটে প্রকাশ করা হবে।”
এর আগে বিশেষায়িত কমিটির মাধ্যমে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করে ইসি। গত ৩০ জুলাই নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনে আনা হয় ছোটখাটো পরিবর্তন। এর মধ্যে গাজীপুরে একটি আসন যোগ ও বাগেরহাটে একটি আসন বাদ দেওয়া হয়।
সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে ১ হাজার ১৮৫টি আপত্তি ও ৭০৮টি পরামর্শসহ মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে।
নির্বাচন কমিশন ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন শুনানি গ্রহণের পর সেসব দাবি-আপত্তি পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা প্রকাশ করে।









