ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক মো. রাসেল।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পাশাপাশি তিনি একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার বিকেল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের ইতিহাসবিদ, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক। রবীন্দ্র-গবেষণায় তার অবদান দুই বাংলাতেই সমাদৃত। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।
নিঃসন্তান আহমদ রফিক নিউ ইস্কাটনে একা থাকতেন। ২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে বিপুল বইয়ের সংগ্রহ। শতাধিক গ্রন্থের রচয়িতা ও সম্পাদক এই সাহিত্যিক ২০১৯ সাল থেকে দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন এবং ২০২৩ সালে প্রায় সম্পূর্ণ অন্ধ হয়ে পড়েন।
বাংলাদেশের ভাষা আন্দোলন, সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।









