খাগড়াছড়িতে হামলা-ভাঙচুর ও হত্যার ঘটনায় ৩ মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘাত, সহিংসতা, জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করেছে।

গুইমারার রামসু বাজারে সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।

অন্যদিকে, ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

পুলিশ জানিয়েছে, বর্তমানে গুইমারার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখনো ১৪৪ ধারা বলবৎ আছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে।

এদিকে, মারমা শিক্ষার্থী ধর্ষণ মামলায় আটক শয়ন শীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *