ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসচাপায় শ্রাবন্তী আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল শ্রাবন্তী। এ সময় দ্রুতগতির স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রাবন্তীর বাড়ি উপজেলার চর বাউশিয়া গ্রামে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নিরাপদ পারাপারের ব্যবস্থা ও দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।

এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেন, মহাসড়কের পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা নেই। তারা দ্রুত ফুটওভার ব্রিজ বা স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *