মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি চরশ্যামাইলের আলোচিত ইবনে সামাদ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে শিবচর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় ৪–৫ জন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৬ মে শিবচরের চরশ্যামাইল সর্দারকান্দি এলাকায় ইবনে সামাদকে কুপিয়ে আহত করা হয়। ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন নিহত রাকিব মাদবর। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *