সুন্দরবনে বেড়েছে রয়েল বেঙ্গল টাইগার

রয়েল বেঙ্গল টাইগার বেড়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে সর্বশেষ বাঘ জরিপ অনুযায়ী, গত এক দশকে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১৯টি বেড়ে দাঁড়িয়েছে ১২৫-এ।

বিশ্ব বাঘ দিবস-২০২৫ উপলক্ষে বন অধিদপ্তরের আগারগাঁও সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘২০১৪ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ ছিল। ২০১৮ সালের জরিপে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৪-এ। আর সর্বশেষ ২০২৪ সালের জরিপে দেখা যায়, সুন্দরবনে এখন বাঘের সংখ্যা ১২৫টি।’

এ বছর বিশ্বজুড়ে দিবসটি উদযাপিত হচ্ছে ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান’ প্রতিপাদ্য নিয়ে।

সংখ্যায় এই সামান্য বৃদ্ধির পরও অনুষ্ঠানে বক্তারা সতর্ক করে বলেন, চোরাশিকার এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে সুন্দরবনের বাঘ এখনো চরম হুমকির মুখে রয়েছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও দুবাই সাফারি পার্কের প্রাক্তন প্রিন্সিপাল মোহাম্মদ আলী রেজা খান বলেন, বাঘ সংরক্ষণে তাদের আবাসস্থল রক্ষা করা জরুরি, পাশাপাশি তাদের প্রধান শিকার হরিণের একটি স্থিতিশীল জনসংখ্যাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী পাচারকারী ও চোরা শিকারিদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘বাঘ শুধু একটি বন্যপ্রাণী নয়, এটি সাহস ও গর্বের জাতীয় প্রতীক। আমাদের জাতীয় ক্রিকেট দলকে ‘টাইগার’ নামে ডাকা হয়-এটি জাতি হিসেবে বাঘের সঙ্গে আমাদের গভীর আবেগেরই বহিঃপ্রকাশ।’

সাম্প্রতিক জরিপের তথ্য তুলে ধরে তিনি অবৈধ হরিণ শিকার বন্ধ, বারবার অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং চোরা শিকার রোধে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, মানুষ-বাঘ দ্বন্দ্ব বেড়ে চলেছে। তাই সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের জন্য সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলতে হবে, যাতে তারা বনসম্পদের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জীবিকার সুযোগ পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *