জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করেছে। গণ–অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করে তারা।’
আজ বুধবার রাত সাড়ে নয়টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।
হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় খুলনায় এসেছেন জানিয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম। সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভাবনা কী, তা জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়েছে। সেখান থেকে আমরা মাদারীপুরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়।’
আওয়ামী লীগের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এরা যে জঙ্গিতে রূপান্তরিত হয়েছে, তা দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে। ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। নিষিদ্ধঘোষিত সংগঠনসহ যাদের নামে মামলা হয়েছে, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন।’
নাহিদ ইসলাম জানান, আজকের ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুর পথসভা স্থগিত করা হয়েছে। তবে কাল বৃহস্পতিবার ফরিদপুরের পূর্বনির্ধারিত কর্মসূচি হবে। দেশের প্রতিটি জেলাতেই তাঁদের কর্মসূচি হবে। যত বাধাবিপত্তি, হত্যাচেষ্টা চলুক, এনসিপির পথসভা থামাবে না। তিনি জানান, আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।









