গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।
এদিকে আজ বুধবার রাত ৮ টা থেকে কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। অতর্কিত হামলার পর জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান আশ্রয় নেন।
এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান।
দুপুর পৌনে ৩টার দিকে এ শহরের পৌরপার্ক এলাকার অদূরে এ হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। হামলার পর এনসিপি নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার বিভিন্ন সড়কে টিয়ারগ্যাসের ধোয়া ও আগুনের ধোয়ার দৃশ্য দেখা যায়। বেলা পৌনে ৩টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলছে।
এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এ হামলা চালানো হয়। এসময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মসূচি ঘিরে সকাল ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে চালক আহত হয়েছেন। সকালে নিরাপত্তা টহলে বের হয়ে উপজেলার কংসুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এতে নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার নিরাপদ অবস্থানে নিয়ে যান।
এর আগে পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয় বলে জানান ওসি মির মো. সাজেদুর রহমান।
এছাড়া সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।









