গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গে ৯ জন ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩৭ জন। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৭ শিশু এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৯৮ শিশু।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নির্দিষ্ট সময়ে শিশুদের হামের টিকা না দেওয়া এবং অভিভাবকদের অসচেতনতার কারণে রোগটির প্রকোপ বেড়ে যাচ্ছে। হঠাৎ জ্বর, শরীরে লালচে র্যাশ, সর্দি-কাশি এবং চোখ লাল হওয়া—এসবই হামের সাধারণ লক্ষণ।
শিশুদের দেহে এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।









