প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

ষ্টাফ রিপোর্টার

দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হিসাবে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে এবং এটি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো হয়নি। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *