নওগাঁর আত্রাই রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন পুলিশ সদস্য এমরান মিয়া (২৫)। সোমবার সকালে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছে গতি কমালে তিনি লাফিয়ে নামতে চেষ্টা করেন। সেই মুহূর্তে পা হড়কে ট্রেনের নিচে পড়ে যান এবং তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এমরান মিয়া বাগেরহাটে কনস্টেবল হিসেবে কর্মরত। ব্যক্তিগত কাজে শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসার জন্য তিনি খুলনা থেকে ট্রেনে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, আহতের পরিচয় নিশ্চিত করা গেলেও তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।









