মারাত্মক সংঘর্ষের মধ্যে ইরানের হামলায় বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানটির নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রচণ্ড গোলাগুলির পর ওই ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনো সম্পূর্ণ নিরাপদ নন। উদ্ধারকারী দলকে ইরান এলাকা পেরিয়ে নিরাপদ স্থানে ফিরতে এখনও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। রোববার (৫ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের আরেক ক্রু সদস্যের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, উদ্ধার কাজ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষের পরিস্থিতি এখনও উত্তপ্ত।
অন্যদিকে, ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত করতে পারলেও পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র ওই পাইলটকে জীবিত উদ্ধারে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালাচ্ছে।
তাসনিমের বরাতে জানানো হয়, দুই দিন আগে ইরানি বাহিনীর হাতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। ধারণা করা হয়, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে এবং তাকে না পেয়ে বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।









