বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে আসছে। আজ মঙ্গলবারই জ্বালানি তেলটি দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে জানান, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং সারাদেশে সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, পাইপলাইনের মাধ্যমে তেল আনা হলে পরিবহন খরচ ও সময় উভয়ই সাশ্রয় হবে।
বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুরোধটি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানান।
এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় শোধনাগার থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তি রয়েছে। তবে ঢাকা–দিল্লি সম্পর্কের টানাপোড়েনের কারণে তা কিছুদিন বন্ধ ছিল। এই চুক্তির আওতায় মোট ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৪৬২ কোটি টাকা।









