নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রাখার অভিযোগে রুবেল হোসেন নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন উচ্চমূল্যে জ্বালানি তেল বিক্রির উদ্দেশ্যে তেল মজুত করছেন—এমন তথ্যের ভিত্তিতে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত দুপুরের দিকে উপজেলার নিংগুইন এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, মাটির নিচে এক হাজার লিটারের ১০টি পানির ট্যাংক বসিয়ে মোট ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রাখা হয়েছে। পরে রুবেল হোসেনকে সেখানে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেল লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন।
পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে লুকিয়ে রাখা তেল সিংড়া বাজারের সততা ট্রেডার্সে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত দামে তা বিক্রির জন্য বলা হয়।
অভিযানকালে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, তেল সংরক্ষণের অনুমতি থাকলেও সংশ্লিষ্ট ব্যবসায়ী যথাযথ নিয়ম অনুসরণ করেননি। বেআইনিভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।









