বিদেশি রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, এসব বিষয়ে দলটির অবস্থান পরিষ্কার এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করা হয়েছিল। তবে দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, সংসদ না থাকায় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যেমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সংলাপ করেছে, তেমনি আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে তারা বারবার দাবি জানালেও তৎকালীন সরকার তা গুরুত্ব দেয়নি বলে তিনি অভিযোগ করেন। তাই এই বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
এর আগে বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কথা বলেছেন এবং তারাও এ বিষয়ে সম্মতি দিয়েছিলেন। তাই বিষয়টি অন্ধকারে করা হয়নি বলেও তিনি দাবি করেন।









