কুমিল্লার হোমনায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), তাঁদের ছেলে হোসাইন (৪) এবং জহিরুল ইসলামের ছোট ভাই সৌদি আরবপ্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন ও আজিজ মিয়ার ভাষ্য, সকালে সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ জানালা দিয়ে উঁকি দিয়ে মেঝেতে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তিনজনকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁদের গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তিনি আরও জানান, তদন্তের অগ্রগতি পরে জানানো হবে।









