কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে বিএনপি সভাপতির একটি ঘর দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ধামতী নসু মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরের বাগানবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ওই রাতে নেতাকর্মীদের অনুরোধে এলাকায় মিষ্টি বিতরণের আয়োজন করেন শাহজাহান কবির। মিষ্টি বিতরণের সময় আশপাশের লোকজন হঠাৎ দেখেন তার বাগানবাড়ির একটি ঘর দাউদাউ করে জ্বলছে। পরে স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি এবং ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকায় অবস্থানরত শাহজাহান কবির জানান, ঘরটি তারা নিয়মিত মিটিং ও আড্ডার জন্য ব্যবহার করতেন। কারা আগুন লাগিয়েছে তা জানা না গেলেও বিষয়টি পরিকল্পিত বলে মনে হচ্ছে। তিনি শনিবার বাড়ি ফিরে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









