ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচনী এলাকায় নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে মাঠে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ইসির হিসাব অনুযায়ী, সেনাবাহিনী মোতায়েন থাকবে ১ লাখ ৩ হাজার সদস্য নিয়ে। বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য থাকবেন নির্বাচনী দায়িত্বে। এ ছাড়া দেশের ৫টি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে থাকবে ১ হাজার ২১০ প্লাটুন—মোট ৩৭ হাজার ৪৫৩ সদস্য। পাশাপাশি কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন থাকবে ১০টি জেলার ১৭টি আসনে, ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে।
পুলিশের দায়িত্ব পালন করবেন ১ লাখ ৮৭ হাজার ৬০৩ সদস্য, র্যাবের মোতায়েন থাকবে ৯ হাজার ৩৪৯ সদস্য। সবচেয়ে বড় বাহিনী হিসেবে আনসার থাকবে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ সদস্য নিয়ে।
এ ছাড়া নির্বাচন ব্যবস্থাপনায় সহায়তায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকেও ১ হাজার ৯২২ সদস্য দায়িত্ব পালন করবেন।









