আর মাত্র একদিন পরই (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবে দেশের নতুন সরকার, আর বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
এদিকে নতুন সরকারের সঙ্গে দ্রুত ও সুদৃঢ় অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যেই নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশ সফরের পরিকল্পনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মার্চের শুরুতেই, ঈদের আগেই, ঢাকায় আসতে পারেন পল কাপুর। আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে তাঁর সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে সফরসূচি অনুযায়ী তিনি বাংলাদেশে আসবেন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত করেন। পরে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির অনুমোদন এবং গত অক্টোবরে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়।
এরও আগে, গত জুনে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে পল কাপুর বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। মনোনয়ন অনুমোদিত হলে তিনি মার্কিন নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পক্ষে কাজ করবেন।
পল কাপুর দায়িত্ব নেওয়ার আগে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপনা করেছেন। ২০২০-২১ সালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন।
এর আগে তিনি ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপকের দায়িত্ব পালন করেন। তিনি আমহার্স্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি লাভ করেন।









