প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

ষ্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের প্রতি কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ওই প্রার্থীকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হবে।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফ (অব.) এক বিবৃতিতে জানান, ঢাকার ক্যান্টনমেন্টে প্রবেশের সময় অস্ত্র বহন করায় নিরাপত্তা সদস্যরা বাধা দিলে প্রার্থী খালিদুজ্জামান ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। তারা মনে করেন, এমন আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সুস্পষ্ট আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয় কোনোভাবেই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে থাকার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা, যেখানে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই। সংগঠনটি দাবি জানায়, স ম খালিদুজ্জামান যদি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ আর করবেন না বলে অঙ্গীকার না করেন, তবে তাকে ক্যান্টনমেন্টে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করার দাবি জানানো হবে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপস করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *