শেরপুরে জামায়াত নেতা নিহত: হাইকোর্টে বিএনপি প্রার্থীসহ ৪০ জনের জামিন

ষ্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি নিয়ে এ আদেশ দেন। আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদন করা হয় বলে জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী মার্জিয়া শুক্রবার রাতে ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালে সামনের সারিতে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল তার নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে পড়েন, যা ঘিরে দ্বিতীয় দফায় আবারো সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম এবং ময়মনসিংহে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর