ভোটের ফলাফল ঘোষণায় দেরি হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
মির্জা আব্বাস বলেন, “নির্বাচন কমিশন বলছে তিন দিন লাগবে ভোটের ফল দিতে। প্রশ্ন হলো—কাকে জেতাতে তারা এমন কথা বলছে? এর পেছনে কারা কাজ করছে, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।”
তিনি আরও জানান, ফলাফল ঘোষণা করতে ১২ ঘণ্টার বেশি দেরি হলে তা অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে এবং তা বিএনপি মেনে নেবে না। “অসততার কারণে জনগণের অর্জিত ভোটাধিকার নষ্ট হতে দেব না,” বলেন তিনি।
এ সময় মির্জা আব্বাস পোলিং এজেন্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।
বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন—বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে এবং বিশেষ করে ঢাকা-৮ আসনকে ঘিরে নানা অপচেষ্টা হচ্ছে। “আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা পরিচ্ছন্ন নির্বাচন চাই,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “এই নির্বাচন সহজে পাওয়া যায়নি; অনেক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের অধিকার আদায় করতে হয়েছে। কেউ আমাদের দান করে দেয়নি। অনেকে মনে করেন ২০২৪ সালের জুলাইতে সব হয়েছে—তাহলে গত ১৭ বছর আমরা কী করেছি? বরং আমরা আন্দোলনের মাধ্যমে এ মাটিকে শক্ত করেছি।”
সরকার পরিবর্তনের পরও দেশের মানুষ প্রত্যাশিত স্বস্তি পায়নি উল্লেখ করে তিনি বলেন, “বিএনপিকে জয়ী করতে হবে। ১২ তারিখে ঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, কারণ সেদিন কোনো অঘটন ঘটতে পারে—এমন আশঙ্কা আছে।”









