আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচনই নির্ধারণ করবে দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে কি না এবং ভবিষ্যতে দেশ কোন পথে পরিচালিত হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে হলে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্প্রতিষ্ঠা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি; বরং তথাকথিত মেগা প্রকল্পের আড়ালে হয়েছে ‘মেগা দুর্নীতি’। তিনি বলেন, দুর্নীতির শেকল ভেঙে দেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্য অপরিহার্য।
বিএনপির বিগত শাসনামলের উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, বগুড়ার পাশাপাশি সমগ্র দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি যোগ করেন, চাকরিসহ সব ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা হবে। তার দাবি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টর গত ১৫ বছরে ভেঙে পড়েছে।
বক্তব্য শেষে বগুড়ার সাতটি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এর আগে রাজশাহী ও নওগাঁতে প্রচারণা শেষে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জনসভায় উপস্থিত হন তিনি। তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই বগুড়ায় মিছিলের ঢল নামে, পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
জনসভা শুরুতে জাতির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনে এটাই তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা হওয়ায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক নারী-পুরুষ মাঠে উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।









