টি-টোয়েন্টি ক্রিকেট

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছেনা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কয়েক সপ্তাহের জটিলতা ও আলোচনার পর বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার অবস্থানেই অটল থাকছে। এতে করে বিশ্বকাপে লিটন–মোস্তাফিজদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা স্পষ্টভাবে জানান—ভারতে যাওয়ার সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ নেই।

আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ বিবেচনায় না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, “আমরা আইসিসির কাছ থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা উদ্বেগ এখনো বিদ্যমান। তাই শ্রীলঙ্কায় খেলার আবেদনই আমরা বিবেচনায় রেখেছি।” তিনি আরও বলেন, “ভারতে নিরাপত্তা ঝুঁকি কোনো কল্পনার বিষয় নয়; বাস্তব ঘটনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উপদেষ্টা জানান, বিশ্বকাপে দল পাঠানো হবে কি না—এ সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে।

বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানান, ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। তার ভাষায়, “বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্বিত। কিন্তু প্রায় ২০ কোটি মানুষের দেশকে উপেক্ষা করা হতাশাজনক। আমরা আবারও আইসিসির সঙ্গে কথা বলব। আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই।”

আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে দল থেকে বাদ দেওয়া ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছিল আইসিসি। এ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন,
“মুস্তাফিজ নিজে সরে যায়নি, ইনজুরিও হয়নি, আমরাও এনওসি বাতিল করিনি। তাকে বাদ দেওয়া হয়েছিল নিরাপত্তাজনিত কারণেই। তাই আমরা বিকল্প ভেন্যুর দাবি তুলেছি।”

মিটিংয়ে বিশ্বকাপ স্কোয়াডের সদস্য নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিবসহ নয়জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর